রাহুলের মৃত্যুর পর বড় সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টসকে ঘিরে কড়া পদক্ষেপ আর্টিস্ট ফোরামের!

টেকনিশিয়ান স্টুডিওয় মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠকের পর টলিউডে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়, শ্যুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালুর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হয়, বাংলার শিল্পী ও টেকনিশিয়ানরা আপাতত ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন না।

এই সিদ্ধান্ত যে শুধুমাত্র বাংলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে। আর্টিস্ট ফোরামের সহ সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, প্রয়োজন হলে সর্বভারতীয় স্তরেও এই বিষয়টি তোলা হবে। হিন্দি ইন্ডাস্ট্রির সংগঠনগুলির কাছেও আবেদন জানানো হতে পারে, যাতে ওই প্রযোজনা সংস্থা অন্যত্রও কাজের সুযোগ না পায়। যদিও এই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে।

প্রসেনজিৎ আরও জানান, রাহুলের মৃত্যুর পর থেকে শিল্পীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে চাইছেন না। তাই যতদিন না প্রযোজনা সংস্থা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারছে, ততদিন তাঁদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে অনেকেই বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।

এই ঘটনার প্রভাব ইতিমধ্যেই বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে। কেরল, ওড়িশা থেকে শুরু করে হিন্দি ইন্ডাস্ট্রিতেও রাহুলের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলেও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

উল্লেখযোগ্য বিষয় হল, ম্যাজিক মোমেন্টস ইতিমধ্যেই বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নিজেদের জায়গা তৈরি করেছিল। ‘শ্রীময়ী’র হিন্দি সংস্করণ ‘অনুপমা’ থেকে শুরু করে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিল এই সংস্থা। ফলে বর্তমান পরিস্থিতি শুধু বাংলা নয়, সর্বভারতীয় বিনোদন জগতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।